মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন থেকে বিচার দাবি করা হয়। এর আগে ওই মুক্তিযোদ্ধা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে। মুক্তিযোদ্ধার নাম মো. মনতাজ আলী (৫৫)। তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ বাজার গ্রামে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাঁর পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে নগরের শহীদ কামরুজ্জামান চত্বরে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। তাদের ব্যানারে লেখা ছিল ‘মুক্তিযোদ্ধাকে জুতাপেটা করে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন’।এই কর্মসূচি চলাকালে মনতাজ আলীর মেয়ে শবনম আক্তার শাপলা বক্তব্য দেন। তিনি বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে পশ্চিমভাগ দিঘিরপাড় গ্রামের আবদুল জব্বারের ছেলে মাসুম পারভেজ (৪৫) ও উপজেলার পশ্চিমভাগ বাজার গ্রামের ইছা খলিফার ছেলে ইদ্রিস আলী খলিফা (৪০) পশ্চিমভাগ বাজারে হাসেমের চায়ের দোকানে তাঁর বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাসুদ পারভেজ তাঁকে জুতা দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে জখম হয়ে যায়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় আসামিরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। শবনম আক্তার বলেন, তাঁর বাবা এ ব্যাপারে থানায় অভিযোগ করলে মামলা হিসেবে না গ্রহণ করে তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। ফলে ওই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনের নামে থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।