চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশের সড়কে গত রোববার থেকে অনশন করছেন চাকরিজীবী মুুক্তিযোদ্ধারা। অনশনরত ব্যক্তিদের একজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী আওলাদ হোসেন অসুস্থ হয়ে রোববার বিকেলে বাসায় চলে যান। গতকাল সোমবার সকালে তিনি হাসপাতালে মারা গেছেন।চাকরির বয়স ৬১ করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদের উদ্যোগে রোববার থেকে আমরণ অনশন শুরু করেছেন চাকরিজীবী মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদের ৪০টি প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এবং বিভিন্ন বিভাগ ও জেলার চাকরিজীবী মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআইডব্লিউটিএর কর্মচারী আওলাদ হোসেন রোববারই অনশনে কর্মসূচিতে যোগ দেন। ওই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তিনি বাসায় চলে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদের মহাসচিব মো. শাহাবুদ্দীন গত রাতে আওলাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে জানান, অনশনকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে কৃষি কর্মকর্তা রেজাউল বারী ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আবদুল আউয়াল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।