মুক্তিযোদ্ধাদের অবমাননা হবে বধ্যভূমিতে গুদাম করলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিঘি ভরাট করে বধ্যভূমি এলাকায় খাদ্যগুদাম নির্মাণ করলে শহীদ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হবে। ম্লান হবে মুক্তিযুদ্ধের স্মারক বধ্যভূমির স্মৃতি।
গতকাল শুক্রবার বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ঐতিহ্যবাহী দিঘি ভরাট করে গুদাম নির্মাণের উদ্যোগের নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই উদ্যোগ বন্ধ করা না হলে মুক্তিযোদ্ধা ও নাগরিকদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল আলম ফরিদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০১ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বরিশালের কীর্তনখোলা নদীসংলগ্ন ত্রিশ গোডাউনের সামনে দৃষ্টিনন্দন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। পরবর্তী সময়ে স্বাধীনতাযুদ্ধ ও শহীদদের ইতিহাস সংরক্ষণে জাদুঘর, পার্ক নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকেরা এই বধ্যভূমিতে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী দিঘির পাশে শহীদ মুক্তিযোদ্ধা আজিজুল হকের কবর, যিনি জেলা প্রশাসনের দায়িত্বে থাকার পরও ’৭১ সালে তাঁর ব্যবহৃত গাড়ি মুক্তিযোদ্ধাদের দিয়ে নিজে হেঁটে চলতেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তাঁকে হত্যা করা হয়। তাঁকে সরকার স্বাধীনতা পদকে ভূষিত করেছে। এ রকম একজন শহীদ মুক্তিযোদ্ধার কবর ছাড়াও অসংখ্য মুক্তিযোদ্ধাদের এনে এই বধ্যভূমিতে হত্যা করা হয়েছে। সেই স্মৃতিবিজড়িত স্থানের সৌন্দর্য ম্লান করে কোনোভাবেই গুদাম নির্মাণ করতে দেওয়া হবে না।
মুক্তিযোদ্ধারা বলেন, দিঘি ভরাট না করে ত্রিশ গোডাউনের পরিত্যক্ত গোডাউন ভেঙে সেখানে খাদ্যগুদাম করা হোক।
বিবৃতির মাধ্যমে দিঘি ভরাট করে গোডাউন নির্মাণের আরও নিন্দা জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ মজিবর রহমান সরোয়ার, সাবেক সদর উপজেলা কমান্ডার ইসরাইল পণ্ডিত, হিজলা উপজেলার সাবেক কমান্ডার শহীদ দেওয়ান, গৌরনদী উপজেলার আলমগীর হোসেন, আগৈলঝাড়া উপজেলার কুদ্দুস শাহ, বাকেরগঞ্জ উপজেলার বজলুর রহমান, বাবুগঞ্জ উপজেলার আবুল কাশেম, উজিরপুর উপজেলার মো. নান্টু ও মেহেন্দিগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার।