সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬৫ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তাগিদ দিয়েছে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের এই সংগঠন এ তাগিদ দিয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির অবসরের বয়স ৬৫ বছর করার পর এই সুযোগ মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকেরা যেমন পেয়েছেন, তেমনি রাজাকারদের পক্ষের শিক্ষকও পেয়েছেন। সেখানে মুক্তিযোদ্ধাদের চাকরির অবসরের বয়স ৬৫ করার দাবি যৌক্তিক। মুক্তিযোদ্ধাদের এই দাবি বাস্তবায়ন না করাকে চরম অকৃতজ্ঞতা বলে মন্তব্য করেন তিনি।
সভার সভাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘সুপ্রিম কোর্ট আমাদের দাবি বাস্তবায়ন করার কথা বলে রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, আমাদের দাবি বাস্তবায়ন করতে আইনগত কোনো বাধা নেই। আদালত বলেছেন, এই বিষয়টি মন্ত্রিসভায় আলোচনার মাধ্যমে সমাধান করতে। কিন্তু এখনো আদালতের রায় বাস্তবায়ন করা হয়নি।’ এটি একধরনের বৈষম্যমূলক আচরণ বলে মনে করেন তিনি।
মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, একজন মুক্তিযোদ্ধাকে আজীবন সম্মান করা উচিত। এ জন্য মুক্তিযোদ্ধাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এ দেশে মুক্তিযোদ্ধাদের জন্ম আর হবে না। দেশের স্বাধীনতা আনতে তাঁদের এই অবদান কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তিনি প্রশ্ন করেন, তাহলে মুক্তিযোদ্ধাদের চাকরির অবসরের বয়সসীমা ৬৫ করতে আপত্তি কেন?
সভায় বক্তারা বলেন, আদালতের নির্দেশনা অনুসারে গত বছরের ২৬ নভেম্বর থেকে দুই মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করার বিষয়ে মন্ত্রিপরিষদে আলোচনা করার কথা বলা হয়েছে। কিন্তু এর প্রতিফলন দেখা যাচ্ছে না। আদালতের নির্দেশনা মেনে নিয়ে মুক্তিযোদ্ধাদের চাকরির অবসরের বয়স ৬৫ করার দাবি জানান বক্তারা।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল। এ ছাড়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, এম এ আরাফাত প্রমুখ বক্তব্য দেন।