মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬১ বছর করার সুপারিশ
মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়স ৬১ বছর করার পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বর্তমানে সরকারি চাকরিতে কতজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন, তার একটি তালিকাও পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। কিন্তু গত ২৬ ডিসেম্বর সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয় বলে মুক্তিযোদ্ধাদের আলাদা সুযোগটি আর থাকছে না।সংসদীয় কমিটির বৈঠকে সরকারি কর্মচারী (অবসর) (সংশোধন) বিল, ২০১২ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করা হয় এবং বিলটি সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, এম এ মান্নান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।