মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর করার দাবি
চাকরিজীবী মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসর নেওয়ার বয়সসীমা ৬১ বছর করার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। গতকাল রোববার সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রাথমিকভাবে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহণের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করে। সেক্টর কমান্ডারস ফোরাম মনে করে, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে জীবন বাজি রাখা দেশপ্রেমিকদের প্রতি সম্মান দেখানো হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর অবসর গ্রহণের বয়স ৫৯ বছর করায় মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবদানের বিষয়টি অবমূল্যায়িত হয়ে পড়ে। চাকরির বয়স বৃদ্ধির দাবি-দাওয়ার একপর্যায়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্ট তাঁদের অবসরে যাওয়ার বয়সসীমা ৬১ বছরে উন্নীত করার পক্ষে মত দেন। কিন্তু সরকার শেষ পর্যন্ত ৬০ বছরে উন্নীত করেন। এতে মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের বিষয়টি যথার্থভাবে মূল্যায়িত হয়নি বলে ফোরাম মনে করে।