মুক্তিযোদ্ধাদের এখন জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে জামায়াত
মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর নেতারা মুক্তিযোদ্ধাদের ‘দেশদ্রোহী’, ‘ভারতের দালাল’ প্রভৃতি নামে অভিহিত করেছিলেন। স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে এসে সেই জামায়াতের নেতারা এখন মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলছেন। জীবিত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা ও শহীদদের আত্মার শান্তি কামনা করছেন।স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াত এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেন, ‘স্বাধীনতাসংগ্রামে ও স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন পর্যায়ে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিশেষ করে যাঁরা জীবন দিয়েছেন, মহান আল্লাহ্র কাছে দোয়া করি, যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন।’নিজামী দাবি করেন, মুক্তিযুদ্ধের পর জামায়াতসহ ইসলামি শক্তিগুলো স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে—এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ রফিকুল ইসলাম খান, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সাংসদ হামিদুর রহমান, আবদুল হালিম—সবাই তাঁদের বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।