মুক্তিযোদ্ধাদের কথাই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধ দেখেছেন এবং যুদ্ধে অংশ নিয়েছেন—এমন সাধারণ মানুষের মুখের কথা লিপিবদ্ধ করা গেলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচিত হয়ে যাবে।’ গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কমান্ডার (অব.) আবদুর রউফের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষাবিদ অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে শোকসভায় ড. কামাল বলেন, ‘আমাদের স্বাধীনতা অর্থবহ করার শক্তি লুকিয়ে আছে তরুণদের শিরায়। তরুণেরা চাইলে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সফল হবে।’ কমান্ডার রউফ সম্পর্কে মূল্যায়নে তিনি বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কমান্ডার রউফ ছিলেন সাহসী যোদ্ধা ও পরিপূর্ণ দেশপ্রেমিক।
আবদুর রউফ গত ২৭ ফেব্রুয়ারি মারা যান। তাঁর পৈতৃক বাড়ি ভৈরবে অনুষ্ঠিত এই শোকসভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা প্রমুখ।