ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার নয় শহীদের গণকবর হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে গণকবরের আশপাশে মাটি কাটা ও ভরাটের কাজ শুরু হয়েছে। মুক্তিযোদ্ধারা ওই স্থানে সড়কদ্বীপ নির্মাণ করে গণকবর সংরক্ষণের দাবি জানিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, বর্তমান মহাসড়কের পশ্চিম পাশে মাটি কাটা হচ্ছে। আবার কোথায়ও মাটি ভরাট করা হচ্ছে। গণকবরের চারপাশের আটটি ইউক্যালিপটাস গাছ, গণকবরের চিহ্ন ও ছোট আকারের স্মৃতিসৌধ রয়েছে।বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হোসেন বলেন, ‘এখানে সড়কদ্বীপ বানিয়ে গণকবর সংরক্ষণ করা উচিত। এটি কোনোভাবেই সরানো যাবে না।’ আরেক মুক্তিযোদ্ধা কাককরা গ্রামের বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘আমরা এখানেই গণকবরটি রাখতে চাই। মুক্তিযুদ্ধের সময় অনেক কষ্ট করে শহীদদের এখানে দাফন করি।’জানা গেছে, ১৯৭১ সালের ১১ নভেম্বর চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় বাংলাদেশের মুক্তিসংগ্রামে গেরিলা বাহিনীর নয়জন তরুণ মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন: সিরাজুম মনির, বশিরুল ইসলাম, নিজাম উদ্দিন আজাদ, মো. শহীদ উল্লাহ, আওলাদ হোসেন, জহিরুল দুদু, কাইয়ুম, কাদের মিঞা ও সফিউল্লাহ।স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে দুই নম্বর সেক্টরের অধীনে চৌদ্দগ্রাম উপজেলার ভারতের সীমান্ত এলাকা বেতিয়ারায় গেরিলা তৎপরতা জোরদার করা হয়। ১১ নভেম্বর রাত ১২টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। ওই যুদ্ধে অংশ নিয়েছিলেন বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি মনজুরুল আহসান খান এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বৃহত্তর কুমিল্লা জেলা কমান্ডার ওমর ফারুক, নয় শহীদ মুক্তিযোদ্ধাসহ অন্যরা।ওই রাতে মুক্তিযোদ্ধাদের অনেকের অস্ত্র বাক্সবন্দী থাকায় নয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অস্ত্র খোলার আগেই তাঁদের ব্রাশফায়ার করা হয়। ঘটনাস্থলেই নয় মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। ওই ঘটনায় আরও দুই মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি হানাদার বাহিনী নিয়ে যায়। তাঁদের লাশের সন্ধান আজও পাওয়া যায়নি। ওই ঘটনার এক সপ্তাহ পর ধানিজমি থেকে শহীদদের গলিত লাশ জড়ো করে সেখানেই সমাধিস্থ করেন গ্রামবাসী।২০০৭ সালের নভেম্বরে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবালের নির্দেশে একাত্তরের বীর শহীদদের স্মরণে বেতিয়ারায় স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে তা সম্ভব হয়নি।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা অংশের ডান পাশে ২৮৯ নম্বর দক্ষিণ বেতিয়ারা মৌজার সাবেক ৬৩২ নম্বর দাগে বেতিয়ারা স্মৃতিসৌধটি ছোট আকারে অবস্থিত। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় পাকা সড়কসংলগ্ন বেতিয়ারায় নয় বীর মুক্তিযোদ্ধা স্মরণে ওই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল।সূত্র জানায়, সংরক্ষণ এবং সড়ক সম্প্রসারণের প্রয়োজনে স্মৃতিসৌধ স্থানান্তর জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় সওজের মূল সড়কের সঙ্গে স্মৃতিসৌধে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের জন্য ১১ দশমিক ০৯ শতক ভূমি চিহ্নিত করা হয়েছে। ২০০৭ সালের নভেম্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা পরিষদ এবং সওজের কর্মকর্তারা পরিদর্শন করে ওই জায়গা চিহ্নিত করেন। কিন্তু এখনো ভূমি অধিগ্রহণের ব্যাপারে সওজের অনুমতি মেলেনি।ন্যাপের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘বেতিয়ারা এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কাছে খুবই পরিচিত একটি নাম। শহীদদের স্মৃতি সংরক্ষণে নতুন করে স্মৃতিসৌধ হলে তা রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।’ কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বলেন, ‘অবিলম্বে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।’জানতে চাইলে ঢাকা-চট্টগ্রাম চার লেনের প্রকল্প ব্যবস্থাপক-৩ আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে ওই গণকবর সরানোর কথা বলা হয়েছে। এখন মুক্তিযোদ্ধারা যা চাইবেন, তা-ই হবে। মহাসড়কের মাঝখানে ওই স্মৃতিসৌধ থাকলে নানা ধরনের দুর্ঘটনা হতে পারে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এখন গণকবরটি ঠিক রেখে কাজ করছি।’