মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স বাড়ানোর ঘোষণা বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বৃদ্ধির ঘোষণা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগে কর্মরত মুক্তিযোদ্ধারা।গতকাল বুধবার বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মুক্তিযোদ্ধারা মানববন্ধন, স্মারকলিপি পেশ, প্রতিবাদ সমাবেশ ও অনশন করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ইউছুব আলী। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের উচ্চমান সহকারী মুক্তিযোদ্ধা আখতার হোসেন মণ্ডল। বক্তব্য দেন রেলওয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগ থেকে অবসরপ্রাপ্ত সহকারী ইঞ্জিনচালক (এএলএম) মুক্তিযোদ্ধা মো. হোসেন আলী প্রমুখ।লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৫৭ বছরের স্থলে ৫৯ বছর করা হয়েছে। একই বছরের ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরির অবসর গ্রহণের বয়স বাড়ানো হয়। পরে ২০১০ সালের ১৮ এপ্রিল মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় থেকেও একই ধরনের চিঠি দেওয়া হয়। সর্বশেষ ২০১০ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স বৃদ্ধিসংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। বহু মুক্তিযোদ্ধা কর্মচারী অবসর গ্রহণ করছেন এবং অনেকে অবসর প্রস্তুতির ছুটি ভোগ করছেন। এমনকি অনেকের ছুটি শেষ হওয়ার পরও সরকারের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় তাঁরা বিরক্ত হয়ে সমুদয় অর্থ উত্তোলন করে বিদায় নিচ্ছেন।