মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬০ করার অনুরোধ স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ বছর করার অনুরোধ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।স্পিকার গতকাল মঙ্গলবার সাংসদ মুুজিবুল হকের ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা প্রসঙ্গে এ অনুরোধ করেন। নোটিশে মুজিবুল হক বলেন, মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা আগেই ৫৯ বছর ছিল। সম্প্রতি সব কর্মচারীর চাকরির বয়সসীমা ৫৯ করা হয়েছে। সে জন্য তিনি মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ করার প্রস্তাব করেন। জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, এককভাবে মন্ত্রণালয়ের পক্ষে বয়সসীমা বাড়ানো সম্ভব নয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ব্যাপার আছে। বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন। মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। বয়সসীমা অন্তত এক বছর বাড়ানো গেলেও তাঁদের সম্মান করা হবে। এরপর স্পিকার আবদুল হামিদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দুই বছরের যে সুবিধা পেতেন, সেটা এখন আর নেই। তাই তাঁদের চাকরির বয়সসীমা অন্তত এক বছরও যদি বাড়ানো যায়, সে ব্যাপারে আমার অনুরোধ থাকল। আর তাঁদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার অনুরোধ করছি।’বিল উত্থাপন: বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি বিল ২০১২ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এটি যাচাই-বাছাই করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে আলোচনা করে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাজনীতিবিদদের ধরে ধরে হত্যা করবে এবং জঙ্গিবাদ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই।রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন এ বি এম গোলাম মোস্তফা, হাফিজ আহমেদ মজুমদার এবং ইসরাফিল আলম।এরপর সংসদের অধিবেশন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।