মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে আজ থেকে পাবনায় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জেলার মুক্তিযোদ্ধাদের বর্তমান সময়ের আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রদর্শনীর আয়োজন করেছে শহরের ‘আমার-৭১’ নামের একটি সংগঠন।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ আয়োজন সম্পর্কে জানায় ‘আমার-৭১’। সংগঠনের প্রধান সমন্বয়কারী তৌহিদ হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের হাসিমুখ তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে। পাশাপাশি স্বাধীনতার মাস উদ্যাপন উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৌহিদ হোসেন আরও বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে এটি সংগঠনের প্রাথমিক উদ্যোগ। ভবিষ্যতে এসব ছবি নিয়ে একটি অ্যালবাম তৈরি করা হবে। পাশাপাশি একটি ওয়েবসাইটে পাবনার সব মুক্তিযোদ্ধার ছবি, জীবনবৃত্তান্ত ও তাঁদের মুক্তিযুদ্ধের গল্প অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আলোকচিত্রী আতিক হাসান, সদস্য শাকিল হাসান, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবদুর রহীম ও আমিনুর রহমান।