মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে প্রশাসন এ জেলার মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ সব সড়কের বাসে বিনা ভাড়ায় যাতায়াত এবং বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের ব্যবস্থা করেছে।গত শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিনা মূল্যে পরিবহন সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের জন্য ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে কার্ড তুলে দেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. শহিদুজ্জামান। দেশেপ্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের এই সুবিধা দেওয়া হলো।মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিটের কমান্ডার জিতেন্দ্র নাথ রায় বলেন, প্রথমে জেলার ৩০০ জন মুক্তিযোদ্ধাকে এ কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার এক হাজার ৬০০ জন মুক্তিযোদ্ধাকে এ সুবিধার আওতায় আনা হবে।কার্ড পেয়ে মুক্তিযোদ্ধা শংকর কুমার দে ধাড়া বলেন, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ চিকিৎসাসেবা ও পরিবহনের সুবিধার কার্ড পেয়ে বেশ ভালো লাগছে।’মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, ‘অধিকাংশ মুক্তিযোদ্ধা অতি দরিদ্র বলে ভালো চিকিৎসকের কাছে গিয়ে সেবা নিতে পারেন না। এত দিন পর হলেও দরিদ্র মুক্তিযোদ্ধাদের সম্মানে এ উদ্যোগকে স্বাগত জানাই।’পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান হলেও তাঁরা আজ অবহেলিত। তাঁদের সেবা করতে পারা অহংকারের ব্যাপার।জেলা প্রশাসক মু. শহিদুজ্জামান বলেন, ‘আজ এ দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা নিঃস্ব হয়ে পড়েছেন। যখন দেখি, একজন মুক্তিযোদ্ধা তাঁর পরিবারের ভাত জোগাতে অন্যের কাছে হাত পাতছেন, তখন একজন দেশপ্রেমিক হিসেবে চোখে জল এসে যায়। সেই অনুভূতিকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।’