মুক্তিযোদ্ধাদের জমি দখল করে বাজার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল গ্রামে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ করা ২৪ শতাংশ খাসজমি স্থানীয় একটি প্রভাবশালী মহল দখল করে দোকানঘর তুলছে। অবৈধ ঘর সরাতে প্রশাসন নোটিশ দিলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তা সরানো হয়নি।
মুক্তিযোদ্ধা তাপস কুমার সাহা অভিযোগ করেন, সরকারের কাছে আবেদন করলে উপজেলা ভূমি কার্যালয় দুই বছর আগে খাস খতিয়ানভুক্ত ২৪ শতাংশ জমি তিনিসহ তিন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ দেয়।
স্থানীয় লোকজন জানান, কৈলাইল ইউনিয়নের প্রভাবশালী কামাল হোসেন ও তাঁর ভাই আজিম হোসেনের নেতৃত্বে ইউপি সদস্য আমির হোসেন, মোক্তার হোসেন, তমিজ উদ্দিন, সোহরাব, সাদেক ও আহসানের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের জমিতে মাটি ফেলে নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। সাইনবোর্ড টানিয়ে লেখা হয়েছে কৈলাইল পশ্চিম নতুন বাজার। ইতিমধ্যে আজিমকে সভাপতি ও আমিরকে সাধারণ সম্পাদক করে বাজার কমিটিও গঠন করা হয়েছে।
জমি দখলের ব্যাপারে কামাল হোসেন বলেন, ‘এলাকার মানুষ ওই জায়গায় একটি বাজার করার চিন্তা করছেন। মুক্তিযোদ্ধাদের নামে জমি বরাদ্দ ছিল কি না জানা নেই।’
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদ উল্লাহ জানান, মুক্তিযোদ্ধাদের নামে বন্দোবস্ত করা খাসজমি থেকে অবৈধ ঘর সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। ঘর সরিয়ে না নিলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।