মুক্তিযোদ্ধাদের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চরবাগ্গা মৌজায় বর্গাচাষিদের মাধ্যমে লাগানো মুক্তিযোদ্ধাদের প্রায় আট একর জমির আমন ধান জোতদারেরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় জোতদারেরা কয়েকটি ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী নোয়াখালীর সুবর্ণচরের চরবাগ্গার ওই জমির ফসল নিয়ে প্রায় প্রতিবছরই লুটের ঘটনা ঘটে। এবারও জমির ধানে পাক ধরার সঙ্গে সঙ্গে স্থানীয় একাধিক জোতদার বাহিনী ফসল কেটে নিতে ওই এলাকায় মহড়া শুরু করে। যার অংশ হিসেবে গতকাল সকাল সাতটার দিকে ৩৫ থেকে ৪০ জনের একদল জোতদার অস্ত্রশস্ত্র নিয়ে জমির পাকা ধান কাটতে শুরু করে। খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জোতদারেরা পালিয়ে যায়।রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুজ জাহের অভিযোগ করেন, গতকাল সকাল থেকে রামগতির আশ্রাফ ও কালুর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ও বর্গাচাষিদের মাধ্যমে চাষ করা প্রায় আট একর জমির ধান কেটে লুট করে নিয়ে যায়। এ সময় বর্গাচাষিরা জোতদারদের প্রতিরোধে এগিয়ে আসার চেষ্টা করলে তারা বেশ কয়েকটি ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, তিনি সেখানে গিয়ে জোতদার কিংবা লাঠিয়ালদের কাউকে পাননি। তবে ওই সময় সেখানকার কয়েকজন ব্যক্তি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বন্ধক নিয়ে জমিতে ধান চাষ করেছেন এবং সে ধান তাঁরা কেটে নিচ্ছেন বলে দাবি করেন। বিষয়টি পরে বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।১৯৮৮-৮৯ সালে তৎকালীন সরকার লক্ষ্মীপুর জেলার সদর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর থানার ৩০০ অসহায় মুক্তিযোদ্ধাকে পাশের নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরবাগ্গা ও চরবাগ্গা মৌজার ১৫০১ ও ৫০১ ব্লকে বাটা দাগ কর্তন করে প্রত্যেকের নামে পৃথক খতিয়ান সৃজন করে জনপ্রতি দুই একর করে ৬০০ একর ভূমি বন্দোবস্ত দেন।