এখনো অনেক মুক্তিযোদ্ধা আছেন, যাঁরা সারা জীবন কিছু চাননি। মুক্তিযোদ্ধাদের অবহেলিত জীবন নিয়ে প্রতিনিয়ত খবর প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য জীবদ্দশায় তাঁদের স্বীকৃতি দিতে হবে। উপাধি দেওয়া শেষ হয়ে গেছে বলে নতুন করে কাউকে দেওয়া যাবে না, তা হতে পারে না।গতকাল শনিবার হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ও চেতনায় একাত্তর হবিগঞ্জ শাখা আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এম এ রব বীর উত্তম ও কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিকেলে এই স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ মুক্তিযুদ্ধে হবিগঞ্জের ইতিহাস ক্রমে বিবর্ণ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুই বীর মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত উপযুক্ত সম্মাননা পাননি। কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মানুষকে আকর্ষণ করার ক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণমানুষ মানিক চৌধুরীকে ভালোবেসে কমান্ড্যান্ট উপাধি দিয়েছিল।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান জাতীয় পরিসরে এই দুই বীর মুক্তিযোদ্ধার পরিচিতি না ঘটায় হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, মরণোত্তর সম্মাননা না দিয়ে জীবদ্দশায় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়ার ব্যবস্থা করা উচিত। বাংলাপিডিয়া ও পাঠ্যবইয়ে এই দুই জাতীয় বীরসহ মুক্তিযুদ্ধে যে বীর সন্তানেরা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের ভূমিকা উল্লেখ করার ওপর তিনি গুরুত্ব দেন।স্মরণসভায় বক্তা, শ্রোতা ও আয়োজকদের প্রায় সবাই হবিগঞ্জের মানুষ। কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মেয়ে ও চেতনায় একাত্তরের সদস্য সচিব কেয়া চৌধুরী তাঁর বক্তব্যে আগামী দিনে সব মুক্তিযোদ্ধা যাতে যোগ্য সম্মান পান এমন ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতেই তিন চাকার তারকা ওমর আলীর গাওয়া দেশাত্মবোধক গান ‘আমার দেশের মতো এমন দেশ কি কোথাও’ শ্রোতাদের মনে মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি জাগিয়ে তোলে।স্মরণসভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণা ও বক্তৃতা করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, মেজর জেনারেল (অব.) এম সফিউল্লাহ বীর উত্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম দিলওয়ার।অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) এম এ রব বীর উত্তম ও কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু ছবি, সংবাদপত্রে প্রকাশিত খবর এবং তাঁদের রাজনৈতিক জীবনের বিভিন্ন চিঠিপত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।