মুক্তিযোদ্ধাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা থেকে আদায় করা চাঁদা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতির নামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ওই চাঁদা আদায় করেছিল।চাঁদা আদায়ের এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে কয়েক শ মুক্তিযোদ্ধা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রতিকার চেয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার (সাংগঠনিক) এ বি এম শাহজাহান, সদস্য কাজী তাহসীন, ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতারণা ও বল প্রয়োগ করে তাঁদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে।গত ২৯ মার্চ উপজেলার ২০৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৪৬ জন সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতে তোলেন। এ সময় প্রত্যেকের কাছ থেকে দুই হাজার করে টাকা চাঁদা আদায় করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও প্রতিকার চেয়ে ১৭ জন মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে আবেদন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুনুর রশিদের সই করা একটি চিঠি গত শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে পাঠানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আদায় করা চাঁদা তাঁদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সূত্র আরও জানায়, ডেপুটি কমান্ডার গাজী মো. রতন মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা ফেরত দেওয়ার নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, কমিটি তা তদন্ত করবে এবং আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। মুক্তিযোদ্ধার ভাতা থেকে চাঁদা আদায়’ ! শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন গত ৩১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়। এ প্রতিবেদনকে অসম্পূর্ণ দাবি করে এর প্রতিবাদে গতকাল সকালে কসবা পৌর মুক্তমঞ্চে উপজেলা কমান্ডার এ কে এম আজিজুর রহমান ও ডেপুটি কমান্ডার কুদ্দুছুর রেজার আহ্বানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে একটি প্রতিবাদলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলামের কাছে জমা দেন। প্রতিবাদলিপিতে বলা হয়, তাঁরা মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতির জন্য টাকা আদায় করেছেন। ওই টাকা অগ্রণী ব্যাংক কসবা শাখায় জমা রেখেছেন। কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেননি। প্রকাশিত প্রতিবেদন অসম্পূর্ণ ও ভিত্তিহীন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফা মাহমুদ সারোয়ার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমবায় সমিতি নামের কোনো সংগঠন সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত নয়। এ ধরনের সংগঠন আছে কি না, তাঁর জানা নেই।