মুক্তিযোদ্ধাদের তথাকথিত বলায় ক্ষোভ-নিন্দা, সমাবেশের ডাক
মৌলভীবাজার জেলা বিএনপি মুক্তিযোদ্ধাদের অজানা ও তথাকথিত বলায় ক্ষোভ, নিন্দা ও ধিক্কারে সোচ্চার হয়ে উঠেছেন জেলার মুক্তিযোদ্ধারা। এই কটূক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিদের এক জরুরি বৈঠক থেকে আগামী সোমবার মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত সাইফুর রহমান চত্বরের নামকরণ পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে গত বুধবার জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও পরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ২০০৮ সালে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলার কিছু অজানা তথাকথিত মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে এই চত্বরটির নামকরণ মুক্তিযোদ্ধা চত্বর করার পাঁয়তারা হয়। যা বর্তমান সরকার বাস্তবায়ন করেছে। এ খবর প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অজানা ও তথাকথিত বলায় জেলার মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভার বোর্ডরুমে গণপরিষদের সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই কটূক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সব সংগঠনকে নিয়ে আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আইনি আশ্রয়েরও সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া দ্রুততম সময়ে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো বাধা এলে মুক্তিযোদ্ধারা এর দাঁতভাঙা জবাব দেবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, দেওয়ান আবদুল ওয়াহাব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জামাল উদ্দিন, অপূর্ব কান্তি ধর, গিয়াস উদ্দিন, দেওয়ান আবুল খয়ের চৌধুরী, আজমল হোসেন, মিছবাউর রহমান, শামসুদ্দিন খান ছানু, জামান আহমদ, হোসেন আহমদ, স ব ম দানিয়াল, মায়া ধর, এস এম মুজিব, এমদাদুল হক মিন্টু, সিপিবি নেতা নীলিমেষ ঘোষ, নাহিদ আহমদ, জাসদের হাছান আহমদ রাজা প্রমুখ।এদিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের অন্যতম একটি সম্মুখসমর হয়েছিল শেরপুরে ১৯৭১ সালের এপ্রিল মাসে। সম্মুখসমরে নেতৃত্ব দেন কর্নেল আবদুর রব, কমান্ডেন্ট মানিক চৌধুরী, মেজর সি আর দত্ত, ক্যাপ্টেন নূরুজ্জামান, ক্যাপ্টেন আজিজ (যুদ্ধে আহত) প্রমুখ। এ যুদ্ধে আহত অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছেন জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের দলমত-নির্বিশেষে সব মানুষ। জেলার প্রকৃত মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হিসেবে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ নামকরণের দাবিতে একটি স্মারকলিপি দেন।