মুক্তিযোদ্ধাদের তালিকা ২৯ এপ্রিলের মধ্যে
মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা প্রণয়নের কাজ ২৯ এপ্রিলের মধ্যে শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। গতকাল বুধবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংসদের নির্বাচন কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান ও পর্যটনসচিব এবং মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার শফিক আলম। তিনি সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে। নির্বাচন কমিশনার বলেন, সরকার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে বদ্ধপরিকর। মুক্তিবার্তা ও গেজেটে যে মুক্তিযোদ্ধাদের নাম থাকবে, এ নির্বাচনে তাঁরাই ভোট দিতে পারবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ৫ এপ্রিল কমিশনের কাছে মুক্তিযোদ্ধাদের তালিকা জমা দিয়েছে। আগামী সপ্তাহে এ তালিকা জেলা প্রশাসকদের কাছে সরবরাহ করা হবে। তালিকায় যে নাম দু-তিনবার এসেছে তা চিহ্নিত করা হবে। এ ছাড়া শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের নাম চিহ্নিত করবেন জেলা প্রশাসকেরা। মাঠপর্যায়ে ভোটার তালিকা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগপত্র দেওয়া হবে ১২ এপ্রিল। ১৩ এপ্রিল থেকে নির্বাচন কমিশনের সদস্যরা বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা প্রণয়নে মতবিনিময় সভা করবেন।নির্বাচন কমিশনার জানান, সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের জন্য দুই কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা ছাড় করা হয়েছে, ইতিমধ্যে এ টাকা মাঠপর্যায়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল প্রণয়নের কাজ যথাসময়ে সম্পন্ন করবে বলে জানান তিনি। নির্বাচনের ব্যাপারে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা নির্দেশিকা নামে একটি বই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা: (www.molwa.gov.bd) উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।