মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়নের অবদান অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। সে সময়ের অনেক গেরিলা মুক্তিযোদ্ধা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। মুক্তিবার্তায় নাম থাকা সত্ত্বেও অনেক মুক্তিযোদ্ধার নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ ও প্রীতি সম্মেলনে বক্তারা এই অভিযোগ করেন। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে তিন মাসের মধ্যে তালিকা থেকে বাদ পড়া সব মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়নের যেসব কর্মী যুদ্ধে অংশ নিয়েছিলেন, গতকাল তাঁরা একত্র হয়েছিলেন শিল্পকলা একাডেমীর ওই সমাবেশে।সকালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বর্তমান সময়ের নেতাদের সমালোচনা করে সমাবেশে তিনি বলেন, সংসদ সার্বভৌম কি না, সে বিষয়ে সন্দেহ করার অবকাশ থাকলেও, মন্ত্রী-এমপিরা যে সার্বভৌম, তা বোঝা যায়। রাজনীতিকেরা দেশের উন্নয়নে ব্যর্থ হয়েছেন। এমনকি বাম রাজনীতিবিদদের অনেকেই চরিত্র হারিয়েছেন।