মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেক গেরিলা যোদ্ধার নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়নের অবদান অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। সে সময়ের অনেক গেরিলা মুক্তিযোদ্ধা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। মুক্তিবার্তায় নাম থাকা সত্ত্বেও অনেক মুক্তিযোদ্ধার নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ ও প্রীতি সম্মেলনে বক্তারা এই অভিযোগ করেন। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে তিন মাসের মধ্যে তালিকা থেকে বাদ পড়া সব মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার এবং কোনো রকম ‘ঘসামাজা ছাড়াই’ ’৭২-এর সংবিধান কার্যকর করার দাবি জানানো হয়।সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়নের যেসব কর্মী যুদ্ধে অংশ নিয়েছিলেন, গতকাল তাঁরা একত্র হয়েছিলেন শিল্পকলা একাডেমীর ওই সমাবেশে। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকালের দিনটি কাটান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সঙ্গীরা।সকালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বর্তমান সময়ের নেতাদের সমালোচনা করে সমাবেশে তিনি বলেন, সংসদ সার্বভৌম কি না, সে বিষয়ে সন্দেহ করার অবকাশ থাকলেও, মন্ত্রী-এমপিরা যে সার্বভৌম, তা বোঝা যায়। রাজনীতিকেরা দেশের উন্নয়নে ব্যর্থ হয়েছেন। এমনকি বাম রাজনীতিবিদদের অনেকেই চরিত্র হারিয়েছেন।মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য মোজাফ্ফর আহমেদ বর্তমান সরকারে অধিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, তবে এর মাধ্যমে সামরিক শাসন আসবে, তা তিনি মনে করেন না। তিনি বলেন, ছাত্র, তরুণ, যুবকেরা এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুক্তিযোদ্ধাদের তাদের সঙ্গে যোগ দিতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। ওপরতলার মানুষেরাই দুর্নীতিবাজ বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। তারা দেশকে নেতাদের চেয়েও বেশি ভালোবাসে।ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়নের সমন্বয়ক মোর্শেদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শোকপ্রস্তাব উপস্থাপন করেন শরাফত আলী ভূঁইয়া।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাংসদ আমেনা আহমেদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধে বিশেষ গেরিলা প্রথম ব্যাচের কমান্ডার ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, দ্বিতীয় ব্যাচের কমান্ডার শাহ আলম, বিশেষ গেরিলা বাহিনীর আঞ্চলিক কমান্ডার এস এ এম এ সবুর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।