মুক্তিযোদ্ধাদের ধান আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নামে বন্দোবস্ত জমির ধান আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার নেয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রামগতি থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ওই অভিযোগ করা হয়। একই অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুজ জাহের বাদী হয়ে ওসি ইসমাইল মিয়ার বিরুদ্ধে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে মামলাও করেছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নোয়াখালীর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।ধান আত্মসাতের অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ওসি ইসমাইল মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ধান আত্মসাৎ করিনি। নিজেদের বিরোধের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন মুক্তিযোদ্ধারা।’তবে রামগতি থানার ওসির বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ওই ওসির বিরুদ্ধে দায়ের করা মামলার কপি পেয়েছি। আরেকজন ওসির বিরুদ্ধে আমি কীভাবে মামলার তদন্ত করব? একজন এসআই কিংবা এএসআইকে তদন্তের দায়িত্ব দেব।’ এদিকে গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৮-৮৯ সালে লক্ষ্মীপুর জেলা সদর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর থানার ৩০০ জন অসহায় মুক্তিযোদ্ধাকে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরবাগ্গা ও চরবাগ্গা মৌজায় জনপ্রতি দুই একর করে ৬০০ একর জমি বন্দোবস্ত দেয় সরকার। রামগতি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলেন, বন্দোবস্ত পাওয়ার পর থেকে মুক্তিযোদ্ধারা বর্গাচাষিদের মাধ্যমে ওই জমি চাষ করে আসছেন। কিন্তু গত আমন মৌসুমে ধান পাকলে ওই এলাকার কিছু দস্যু ধান লুটের পাঁয়তারা করে। এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে লক্ষ্মীপুর ও নোয়াখালীর পুলিশ সুপারের মাধ্যমে জেলা দুটির সীমান্তবর্তী রামগতি ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতা চাওয়া হয়। আবদুজ জাহের অভিযোগ করেন, ধান রক্ষার জন্য রামগতি থানায় যোগাযোগ করলে ওসি গত ১৮ ডিসেম্বর চরবগ্গায় এসে স্থানীয় সাত-আটজন ব্যক্তিকে দিয়ে একটি কমিটি গঠন করেন। বর্গাচাষিদের কাছে থেকে ধান সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় তাঁদের। ওই কমিটি কয়েক দিনের মধ্যে সব জমির ধান সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে না দিয়ে তা বিক্রি করে দেয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি সমিতির সদস্যরা রামগতি থানায় গেলে ওসি ইসমাইল মিয়া ‘কিসের ধান, কিসের টাকা’ বলে তাঁদের থানা থেকে বের করে দেন। ধান বিক্রি সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে তাঁদের জানান। রামগতি থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরি ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদ ওসির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের করা মামলা প্রসঙ্গে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধা বহুমুখী সমিতির সদস্যদের জমির ধান মধ্যস্থতা করে তুলে দেওয়ার জন্য ওসিকে এক লাখ টাকা দিয়েছি। কিন্তু ওসি ওই টাকার সঙ্গে অসহায় মুক্তিযোদ্ধাদের ধানও আত্মসাৎ করেছে।’এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ওসি ইসমাইল মিয়া মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে সব ধান জমা রাখা হয়েছিল।