মুক্তিযোদ্ধাদের নাম উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের স্মরণে নামকরণ করা পিরোজপুর পৌর এলাকার ১১টি সড়কের নাম যথাযথ মর্যাদায় ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় যুগ আগে পৌর কর্তৃপক্ষ নয়জন শহীদ এবং বর্তমান মেয়রের আমলে আরও দুজন মুক্তিযোদ্ধা সংগঠকের নামে ১১টি সড়ক উৎসর্গ করে নামফলক স্থাপন করে। কিন্তু এত দিন পরও স্থানীয় বাসিন্দারা সড়কগুলোর পুরোনো নাম ব্যবহার করছে। আবার কোনো কোনো সড়কের নামফলকের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। শহীদ ওমর ফারুকের বোন সালমা রহমান বলেন, ‘দেশের জন্য ভাই জীবন দিয়েছেন, এ জন্য আমরা গর্বিত। পৌরসভার উদ্যোগে শহরের সদর সড়কের নাম আমার ভাইয়ের নামে করা হয়েছে, এ জন্য আমরা আনন্দিত। কিন্তু চিঠিপত্রে বা প্রচার-প্রচারণায় এ সড়কটি পুরোনো নামেই ব্যবহার করা হচ্ছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালে পিরোজপুরের নয়টি সড়ক শহীদ মুক্তিযোদ্ধা ও সম্প্রতি আরও দুটি সড়ক মুক্তিযুদ্ধের প্রয়াত দুজন সংগঠকের নামে নামকরণ করা হয়। পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী জানান, শহরের কৃষ্ণচূড়া সড়কে ভাগীরথী চত্বর, পুরাতন বার লাইব্রেরি থেকে সদর থানার পূর্ব সীমানা পর্যন্ত শহীদ ওমর ফারুক সড়ক, সদর থানার পূর্ব প্রান্ত থেকে সদর হাসপাতাল পর্যন্ত শহীদ ফয়জুর রহমান আহমেদ সড়ক এবং লাশ কাটা ঘর থেকে ধূপপাশা সড়ককে শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন সড়ক নামকরণ করা হয়। এ ছাড়া পুরাতন আইনজীবী সমিতির মোড় থেকে মধ্য রাস্তার মোড় পর্যন্ত শহীদ আবদুর রাজ্জাক সড়ক, মধ্য রাস্তার মোড় থেকে বসন্তপুল পর্যন্ত শহীদ সেলিম সড়ক, বসন্তপুল থেকে বলাকা ক্লাব পর্যন্ত শহীদ বিধান সড়ক, হোটেল অবকাশের মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত শহীদ ফজলুল হক সড়ক, দশ নীড়ের গলিকে ডা. আবদুল হাই সড়ক, বলাকা ক্লাব থেকে এলজিইডি পর্যন্ত আবদুল হাই সড়ক, রাজারহাট ব্রিজ থেকে বলেশ্বর নদের তীর পর্যন্ত সাইফ মিজানুর রহমান সড়ক নামকরণ করা হয়। পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, ‘শহরের কয়েকটি সড়ক কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। চিঠিপত্রের যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে এই সড়কগুলোর নাম সঠিকভাবে ব্যবহার করার জন্য শহরবাসীসহ সর্ব মহলের কাছে আমার অনুরোধ রইল। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিগগিরই পৌরসভার উদ্যোগে মাইকে প্রচারণা চালানো হবে।’