বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলে খাসজমি মুক্তিযোদ্ধাদের নামে ইজারা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। চরের ভূমিহীনদের অভিযোগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে কিছু জমি নিজের নামে নিয়ে ভোগ করছেন। চলতি বছর যে ৬৪ জন মুক্তিযোদ্ধার নামে জমি দেওয়া হয়েছে, তার মধ্যে ২৪ জনই অমুক্তিযোদ্ধা। উপজেলার কাজলা ইউনিয়নের টেকামাগুরা ও চর বেড়াবাড়িয়ার ভূমিহীনেরা অভিযোগ করেন, তাঁদের চরে বহু খাসজমি রয়েছে। বিগত দিনে তাঁরাই এসব জমি সরকার থেকে ইজারা পেলেও ২০০৯ সালের পর থেকে তা মুক্তিযোদ্ধাদের নামে ইজারা দেওয়া হচ্ছে। কাজলা ইউনিয়নে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার স্যংখ্যা ৩১ জন। কিন্তু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ উপজেলার অন্য ইউনিয়নের মানুষকে মুক্তিযোদ্ধা দেখিয়ে ৩৩ জনের নামে খাসজমি ইজারার ব্যবস্থা করেছেন। এই ৩৩ জনের মধ্যে ২৩ জনই অমুক্তিযোদ্ধা। এসব অমুক্তিযোদ্ধার জমি মুক্তিযোদ্ধা কমান্ডার নিজে দখলে নিয়ে বর্গা দিচ্ছেন। আবদুস ছালাম নামে এক মুক্তিযোদ্ধা জানান, তালিকায় তাঁর নাম থাকলেও এখনো তাঁকে জমি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকা সংবলিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয় থেকে চলতি বছরের এপ্রিল মাসে কাজলা ইউনিয়নের টেকামাগুরা মৌজায় ৬৪ জন মুক্তিযোদ্ধার নামে দুই একর করে খাসজমি ইজারা দেওয়া হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন চরের ভূমিহীনেরা। কাজলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জালাল উদ্দিন বলেন, ‘আমাগোরে বাপ-দাদার ঘর ছিল, কবর ছিল এই ভিটায়। আমরা এখন নিঃস্ব। এই চরের জায়গায় আমাদের ভাগ রয়েছে। ইজারা পেলে আমরা আগে পাব। কিন্তু আমাদের দেওয়া হয়নি। আবদুল লতিফ তাঁর দুই ছেলে সাদ্দাম আল মোর্শেদ ও শিহাব আল মোর্শেদকে মুক্তিযোদ্ধা সাজিয়ে জমি পত্তন নিয়েছেন। মুক্তিযোদ্ধা হিসেবে হাবিজার রহমান ও তাঁর ছেলে তুহিন মিয়া; কায়কোবাদ এবং তাঁর ছেলে ফরহাদ সেলিমের নামে জমি ইজারা দেওয়া হয়েছে।’ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ তাঁর বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অনেকে মুক্তিযোদ্ধা নন, তার পরেও তাঁদের জমি দেওয়া হয়েছে। কারণ তাঁরা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।’ তাঁর দুই ছেলের নামে জমি ইজারা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বরাদ্দ দেওয়ার কমিটিতে আমি থাকার কারণে তালিকায় আমার নাম নেই। তাই দুই ছেলের নাম দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ায় আবু রায়হান ও জাহাঙ্গীর আলমকে জমি ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া দু-একটি তদবিরের কারণে দিতে হয়েছে।’ তিনি মুক্তিযোদ্ধাদের নামে জমি নিয়ে নিজের দখলে রেখে তা বর্গা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, সেভাবেই নিয়ম অনুযায়ী এক বছরের জন্য জমি ইজারা দেওয়া হয়েছে। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।