মুক্তিযোদ্ধাদের নামে করা সড়ক ও চত্বরের নামফলক ভাঙা হয়েছে
হবিগঞ্জে দুজন মুক্তিযোদ্ধার নামে করা চত্বর ও সড়কের নামফলক স্থাপনের এক সপ্তাহের মধ্যেই কে বা কারা ভেঙে ফেলেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।হবিগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তর গত ২ এপ্রিল ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোলচত্বরের নামকরণ করে মুক্তিযোদ্ধা এম এ রবের নামে। সে অনুযায়ী সেখানে নামফলক স্থাপন করা হয়। কিন্তু সম্প্রতি ওই নামফলকটি ভাঙা অবস্থায় দেখা গেছে। পাশেই শোভা পাচ্ছে খোয়াই চত্বর নামের একটি সাইনবোর্ড। এ ছাড়া হবিগঞ্জ শহরের পশ্চিম অংশে নির্মিত নতুন সড়কটি মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর নামে নামকরণ করা হয়। সে অনুযায়ী নামফলকটি স্থাপন করার এক সপ্তাহের মাথায় কে বা কারা তা ভেঙে ফেলেছে।স্থানীয় সংগঠন চেতনায় ’৭১-এর সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী বলেন, ঘটনাস্থল ঘুরে এই ফলক ভাঙার ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিন্তু বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরকে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, যারা সরকারি সিদ্ধান্ত না মেনে রাতের আঁধারে ফলক ভাঙচুর করছে, তাঁদের চিহ্নিত করা দরকার।হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, নামফলক ভাঙার বিষয়টি তাঁর জানা নেই। তবে কীভাবে ভেঙেছে তা খতিয়ে দেখা হবে।