মুক্তিযোদ্ধাদের নামে ১৪০টি রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহানের নামে রাস্তার নামফলক l প্রথম
দুপচাঁচিয়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহানের নামে রাস্তার নামফলক l প্রথম

বগুড়ার দুপচাঁচিয়া সদরের প্রধান রাস্তাটির নামফলক বীর মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহানের নামে। গুরুত্বপূর্ণ সিও অফিস রাস্তাটির নামফলক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের নামে। মহিলা কলেজের রাস্তাটির নামফলক বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদের নামে।

এভাবে শুধু উপজেলা সদর নয়, গোটা উপজেলার ১৪০টি রাস্তার নামফলক ১৪০ জন মুক্তিযোদ্ধার নামে করা হয়েছে। এটা করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজের উদ্যোগে।

তালোড়া গাড়িবেলঘরিয়া গ্রামের রাস্তাটির নামফলক ওই এলাকার মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের নামে। মাহফুজুর পরিবার নিয়ে থাকেন বগুড়া শহরে। গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি দেবখণ্ড যাওয়ার পথে রাস্তার পাশে সাদা টাইলসে খোদাই করা তাঁর নাম দেখে অবাক হন। তিনি নামফলকের পাশে কয়েক মিনিট দাঁড়ান। এ সময় তাঁর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। পরে ওই দিন গ্রামে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘তাঁর নামে রাস্তার নামফলক করার বিষয়টি জানা ছিল না।’ যুদ্ধের কথা বলতেই তিনি বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিই। যুদ্ধে মৃত্যু হবে, না বেঁচে থাকব সেই চিন্তা মাথায় ছিল না। কী পাব আর কীই-বা হারাব, তাও ভাবিনি। কলেজের বন্ধুদের সঙ্গে ভারতের শিলিগুড়িতে প্রশিক্ষণ নিয়ে বগুড়ার শিবগঞ্জ, সদর ও নন্দীগ্রাম অঞ্চলে যুদ্ধ করেছি।’

আরেক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন। তিনি গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামের বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ ও চোখেও তেমন দেখেন না। তাঁর নামে আমষট্ট-মাজিন্দা গ্রামের রাস্তার নামকরণ করা হয়েছে। তিনি বলেন, ‘নিজের নামে রাস্তা নামকরণের কথা শুনেই বুকটা ভরে গেছে। স্বাধীনতার ডাক শুনে গ্রামের বন্ধুদের সঙ্গে একটি চটের ব্যাগে পরনের কাপড় নিয়ে অজানার উদ্দেশে বের হই। ভারতে গিয়ে বালুরঘাটে ট্রেনিং নিয়ে দেশে ফিরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি। দেশ স্বাধীনের পর বছরে দুবার সরকারিভাবে ডাকা হতো। একটা লুঙ্গি আর গেঞ্জিই ছিল মুক্তিযোদ্ধাদের উপহার। এখন মাসে মোটা অঙ্কের টাকা পাই। এবার রাস্তার নামফলক দেখে সত্যিই কৃতজ্ঞ এ জাতির ভালোবাসায়।’

 ছোট নিলহালী গ্রামের নিহত মুক্তিযোদ্ধা মোজাহার আলীর নামে বেড়াগ্রাম-কামারু রাস্তাটির নামফলক করা হয়েছে। তাঁর ছেলে হুমায়ুন কবির বলেন, ‘বাবার নামে রাস্তার নামফলকের বিষয়টি মা বিলকিস বেগমকে জানিয়েছি। মা আমার সঙ্গে গিয়ে নিজের চোখে নামফলকটি দেখেছেন। মা বলেন, “তোর বাবা বেঁচে থাকলে আজ খুশি হতো”।’

 উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, উপজেলায় ১৪০ জন মুক্তিযোদ্ধার তালিকা হালনাগাদ করা হয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ১৪০টি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামফলক স্থাপন করা হয়েছে। গত তিন মাসে এ কাজটি সম্পন্ন করা হয়। এর জন্য সরকারি কোনো বরাদ্দ ছিল না। ইউএনও শাহেদ পারভেজ নিজ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে এ উদ্যোগ নিয়েছেন।

ইউএনও শাহেদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। একসময় পৃথিবীতে তাঁরা থাকবেন না। তাঁদের ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণে আমি প্রশাসনের উচ্চপর্যায়ের পদে বসতে পেরেছি। তাই তাঁদের স্মৃতি ধরে রাখতে ও পরবর্তী প্রজন্ম যেন তাঁদের কথা মনে রাখতে পারে এমনটি ভেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সঙ্গে আলোচনা করে প্রতিটি রাস্তায় খোদাই করে ঢালাই দিয়ে নামফলকের চিন্তা করা হয়। এর জন্য বাজেট করা হয়। কোন রাস্তার কী নাম হবে সেটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের পরামর্শে করা হয়। পরে দুটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এনজিও, শিক্ষক, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে নামফলক তৈরি করার জন্য অর্থ সংগ্রহ করে এ কাজে হাত দেওয়া হয়।’

বগুড়া জেলা মুজিব বাহিনীর সাবেক গেরিলা কমান্ডার এ বি এম শাহজাহান বলেন, ‘নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। একদিন আমরা কেউই থাকব না। তবে এ উদ্যোগের মাধ্যমে আমরা যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকব।’

বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বলেন, ‘ইউএনও সাহেবের এমন উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে প্রতিটি উপজেলায় এমনটি হওয়া দরকার।’

বগুড়া জেলা প্রশাসক নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘খুবই চমৎকার একটি উদ্যোগ। তাঁর এ উদ্যোগ জেলার সব কটি উপজেলায় করার জন্য পদক্ষেপ নেব।’