মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর লেখার অধিকার চান তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে যাওয়াই সাহসের ব্যাপার। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্রত্যেক মুক্তিযোদ্ধার নামের আগে বীর লেখার অধিকার দেওয়া হোক। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা চেক প্রদান ও ‘৫২ থেকে বাংলাদেশ’ টেরাকোটার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা আজ পদে পদে অসম্মানিত হচ্ছে। সরকারি অফিস-আদালত, বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট সব জায়গায়। মুক্তিযোদ্ধারা সম্মান চান। মুক্তিযোদ্ধার নামের আগে বীর লেখার প্রস্তাবটি জাতীয় সংসদে তুলবেন বলেও জানান মন্ত্রী।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী মেরাজ হোসেন, জাসদের আবদুস সাত্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম প্রমুখ।