মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী
রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল রোববার মুক্তিযোদ্ধারা পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন। এক পক্ষে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী ও অপর পক্ষে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক মণ্ডল।
কয়েকজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাহার আলীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে তিন দিন ধরে প্রচারণা চালানো হয়। এই পক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের চানপাড়ার বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে আবদুল মালেক উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে একই দিনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। তিনিও অনুষ্ঠানে উপস্থিত হতে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, উপজেলার মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে গতকাল সকাল থেকে দুটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান চলার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাহার আলীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিনাতুন নেসা তালুকদার, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অতিথিরা স্থানীয় সাংসদকে ভবিষ্যতে মনোনয়ন না দেওয়ার দাবি জানান।
আবদুল মালেকের অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুল হক। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রিয়াজ উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা সাংসদ এনামুলকে ভবিষ্যতে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।