মুক্তিযোদ্ধাদের পৌর, পানি ও বিদ্যুৎ বিল মওকুফের উদ্যোগের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরে বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সেরা সন্তান। মুক্তিযোদ্ধাদের জন্য পৌরসভার পৌর কর, পানি ও বিদ্যুতের বিল মওকুফের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় পর্যায়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না হলে প্রয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটি অনুমোদন করিয়ে নেওয়া হবে।

আজ রোববার ফরিদপুরে ‘মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ উদ্যোগের কথা জানান মন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের কবি জসীমউদ্‌দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুরের জেলা প্রশাসন।
খন্দকার মোশাররফ বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় বীর। তাঁদের সম্মান জানাতে হবে। তাঁদের সম্মান না জানালে বাংলাদেশ টিকবে না। কেননা যে জাতি তার বীরদের সম্মান জানাতে পারে না, সে জাতি টিকে থাকতে পারে না।’
মন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে কোটার ব্যবস্থা করেছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানের পাশাপাশি নাতি-নাতনিদের এ কোটার আওতায় আনা হয়েছে। কিন্তু প্রাথমিক যোগ্যতা অর্জন না করায় এ কোটার নয় হাজার পদ এখনো শূন্য রয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের তাঁদের সন্তান ও নাতি-নাতনিদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, ‘একবার কোনো দেশে বিদেশি সেনা ঢুকলে তারা বছরের পর বছর সে দেশে থেকে যায়। দ্বিতীয় মহাযুদ্ধের এত বছর পরও জার্মানিতে মার্কিন সেনা রয়েছে। কিন্তু আমাদের দেশে ভারতীয় কোনো সেনা নেই। আমার যে সত্যিই বাঘা বাঙালি, এতে এ সত্য প্রমাণিত হয়; যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল উদাহরণ।’
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্ব ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ, যুদ্ধকালীন কমান্ডার কবিরুল আলম, ডেপুটি জেলা কমান্ডার নজরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার শামসুদ্দীন ফকির প্রমুখ বক্তব্য দেন।