মুক্তিযোদ্ধাদের বরাদ্দ করা জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামে ভূমিহীন ২৪ মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া জমি উদ্ধার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে ওই ২৪ মুক্তিযোদ্ধার পরিবার। এ ছাড়া জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল সকালে ওই মানববন্ধন হয়। পরে এ ঘটনায় ডিসি খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর প্রতীক আবদুল হাই সরকার। এ ছাড়া পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী (ভূমি) কমিশনারের কাছে ওই স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।
কয়েকজন মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, ২০১১ সালে সদর উপজেলার আরাজি পলাশবাড়ী এলাকায় ওই ২৪ মুক্তিযোদ্ধাকে ছয় একর খাসজমি বরাদ্দ দেয় সরকার। এরপর থেকেই স্থানীয় ভূমিদস্যুরা মুক্তিযোদ্ধাদের নানাভাবে হয়রানি শুরু করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা মামলাসহ জমির ফসলাদি লুট করে নিয়ে যান। গত ৮ জানুয়ারি ভূমিদস্যু মকবুল হোসেন তাঁর দলবল নিয়ে জমিতে বোনা সরিষা ও ৩০টি ইউক্যালিপটাসগাছ কেটে নিয়ে যান। এ সময় ভেঙে দেওয়া হয় শতাধিক সীমানা পিলার। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধারা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যুরা মুক্তিযোদ্ধা পরিবারগুলোর নামে দুটি মিথ্যা মামলা দেন ও ভয়ভীতি দেখিয়ে মুক্তিযোদ্ধাদের জমিতে বোরো ধান লাগান।
বীর প্রতীক আবদুল হাই সরকার বলেন, ‘আমরা বিষয়টি উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। আমরা আমাদের জমির দখল চাই। সরকার দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝিয়ে না দিলে অনশনসহ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।’
ডিসি খান মো. নুরুল আমিন বলেন, ওই জমিতে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর না থাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।