মুক্তিযোদ্ধাদের বাধায় দুই ঘণ্টা পর মৌখিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে স্বাস্থ্য সহকারী নিয়োগে মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কোটা অনুসরণ না করার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠানে বাধা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বেলা ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা শুরু হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, ‘নীলফামারী জেলায় স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগে মুক্তিযোদ্ধার কোটায় লিখিত পরীক্ষায় ১৫ জনকে পাস করানোর কথা থাকলেও সেখানে দুজনকে পাস করানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ছয় উপজেলার মুক্তিযোদ্ধারা একত্র হয়ে কোটা পূরণ না করা পর্যন্ত মৌখিক পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছি। এর পর জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি।’ জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের দাবির বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানাব। প্রয়োজনে নতুন করে তাঁদের পরীক্ষা নেওয়া হবে।’ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নীলফামারী জেলার ছয় উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের জন্য ১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সাত হাজার ৬১৮ জন অংশ নেন। এঁদের মধ্যে ১৫৩ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়।