মুক্তিযোদ্ধাদের বাড়িতে থাকবে বিশেষ নামফলক
একদিকে মুক্তিযোদ্ধা সংসদের লোগো, অন্যদিকে মুক্তিযোদ্ধার নাম ও সংক্ষিপ্ত পরিচিতি। এ রকম নামফলক সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসাবাড়িতে সাঁটানোর কাজ শুরু করেছে ‘রোটারি ক্লাব অব সিলেট সানসাইন’ ও ‘সিলেট সোসিও কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ নামে স্বেচ্ছাসেবী দুটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
প্রথম পর্যায়ে ১০ জন মুক্তিযোদ্ধার কাছে নামফলক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ। জেলা প্রশাসক সংগঠন দুটির এ কার্যক্রমের প্রশংসা করে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তাঁরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। বর্তমান সরকার তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করছে। এ কার্যক্রমের সুফল হচ্ছে এখন যে এলাকায় বসবাস করবেন মুক্তিযোদ্ধারা, তাঁরা সামাজিকভাবে আরও বেশি সম্মানে ভূষিত হবেন।