মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকায় রাজাকার, আলবদর, তৎকালীন মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার এ বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এর আগে ২১ মে প্রকাশিত এই নতুন তালিকা প্রকাশ করা হয়।
গতকাল বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মজিবর রহমান বীরবলের সভাপতিত্বে সমাবেশ হয়। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা উপজেলা ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান, বেলায়েত হোসেন, হযরত আলী, নওশাদ হোসেন, এ টি এম আজাদ আলী, মতিয়ার রহমান, পৌর কমান্ডার নুর মোহাম্মদসহ ১৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার। তাঁরা বলেন, সদ্য প্রকাশিত তালিকায় হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই রাজাকার, আলবদর, আলশামস এবং তৎকালীন মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধী। এ ছাড়া অনেকেই মুক্তযুদ্ধকালীন শিশু ছিলেন। এসব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসাংগঠনিক সম্পাদক ওসমান গণি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার অবৈধভাবে এসব নাম অন্তর্ভুক্ত করেন।
সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধা বানানোর এ নোংরা কাজে জড়িত ব্যক্তিদের প্রতি ঘৃণা প্রকাশ করে শাস্তি দাবি করেন। এ ছাড়া বিতর্কিত এ তালিকা সংশোধন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মুক্তিযোদ্ধাদের নতুন তালিকার কারও বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানাতে বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার অবশ্য বলেন, ‘টাকা লেনদেনের অভিযোগ ঠিক না। সরকারি নির্দেশনা মেনে যাচাই-বাছাই শেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের বিরুদ্ধে যারা সন্দেহের আঙুল তুলেছে, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আমরাও নতুন, পুরোনো মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ডকে সঙ্গে নিয়ে সমাবেশ করব।’
এদিকে এ বিষয়ে কথা বলতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসাংগঠনিক সম্পাদক ওসমান গণির মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।