মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা হবে: এম এ হান্নান
বর্তমান সরকারের সময়ই মুক্তিযোদ্ধাদের ভাতা আবারও বাড়ানো হবে বলে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান। তিনি বলেন, ‘আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামীতে এই ভাতা ৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে যাতে দ্বিগুণ করা যায়।’
আজ শুক্রবার শরীয়তপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস। খবর বাসসের।
এম এ হান্নান বলেন, এই সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করে এবং অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে সাহসী ও যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করেছে।
আজকের এ মতবিনিময় সভায় জেলার ছয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন বিষয়ে ব্রিফিং করেন এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা এবং জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।