মুক্তিযোদ্ধাদের ভাতা লোপাট অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বরিশাল জেলার মুক্তিযোদ্ধাদের মোট চার কোটি টাকা না দেওয়ার অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে ওই কমিটি গঠন করতে বলা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন।
‘সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার ভাতা লোপাট’ শিরোনামে ২ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই অর্থ পরিশোধে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত রিটটি করেন।
আজ আদালতে রিটের পক্ষে আবেদনকারী অমিত দাশ গুপ্ত নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রুলে ২০১৪-১৫ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ের কোনো এক মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মাসিক সম্মানী ভাতা হিসেবে বরিশাল জেলার মুক্তিযোদ্ধাদের মোট চার কোটি টাকা প্রদানে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বরিশালের জেলা প্রশাসককে চার সপ্তাহের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি জানিয়ে পরে অমিত দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, ওই অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ-এই তিন মাসের কোনো এক মাসে জনপ্রতি মাসিক পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতা হিসেবে বরিশাল জেলার প্রতি মুক্তিযোদ্ধাকে মোট চার কোটি টাকা কেন দেওয়া হয়নি তা খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ওই অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত। অনুসন্ধান প্রতিবেদন আদালত দাখিল করতেও তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বরিশালে ৬ হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার প্রায় চার কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলছে, মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ এই টাকা মন্ত্রণালয় থেকে ছাড় করেছে তারা। কিন্তু মুক্তিযোদ্ধারা বলছেন, তাঁদের হাতে এই টাকা আসেনি। আরও বলা হয়, খোঁজ নিয়ে জানা গেছে, গরমিলটা শুরু হয়েছে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয় থেকে। কিন্তু জেলা প্রশাসন বলছে, ২০১৪-১৫ অর্থবছরে মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ প্রায় চার কোটি টাকা কম দেওয়া হয়েছে। ইতিমধ্যে বরিশালে চারজন জেলা প্রশাসক বদলি হয়েছেন। কিন্তু আজও এ সমস্যার সমাধান হয়নি। ভাতাও বুঝে পাননি মুক্তিযোদ্ধারা।