মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা ফেরত যাচ্ছে!
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভাতা প্রকল্পের চার লাখ ১১ হাজার টাকা ভাতাভোগীদের হাতে পৌঁছায়নি। গত ৩০ জুন এই টাকা বিতরণের সময় পার হয়ে যাওয়ায় তা সরকারি কোষাগারে ফেরত যাবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল পাশা ভূঁইয়া। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-২০১০ অর্থবছরে ছাগলনাইয়া পৌরসভা, রাধানগর, মহামায়া, শুভপুর, গোপাল ও পাঠাননগর ইউনিয়নের ৫৩০ জন মুক্তিযোদ্ধার জন্য ৯৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। এর মধ্যে ৯১ লাখ ১৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে।মুক্তিযোদ্ধাদের অভিযোগ, সমাজকর্মীদের গাফিলতি, স্থানীয় জনপ্রতিনিধিদের অসহযোগিতার জন্যই তাঁদের টাকা ফেরত যাচ্ছে। তবে পশ্চিম ছাগলনাইয়া ইউপির কাউন্সিলর মোরশেদা আক্তার বলেন, ভাতাভোগীরা সময়মতো টাকা তুলতে চান না। সমাজকর্মী মো. সেলিম গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ভাতাভোগীদের মধ্যে এই টাকা তোলায় আগ্রহ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ বলেন, কেন এই টাকা ফেরত যাচ্ছে তা তাঁর জানা নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূর মোস্তফা আল-আমীন বলেন, টাকা তুলতে মুক্তিযোদ্ধারাই গাফিলতি করেন।