মুক্তিযোদ্ধাদের মঞ্চ ভেঙে দিয়েছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বাদিয়াখালী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভার মঞ্চ গতকাল সোমবার দুপুরে ভেঙে দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট এ সভার আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা সদর আসনের সাংসদ মাহাবুব আরা বেগমের থাকার কথা ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটায় মুক্তিযোদ্ধারা বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা আহ্বান করেন। একই সময় বিদ্যালয় মাঠে বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ জনসভা ডাকে। মুক্তিযোদ্ধা সংসদ সকালে মাঠে মঞ্চ তৈরি, সাজসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন করে। বেলা একটার দিকে বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাঈদ আলী ও সম্পাদক রাসেল আহম্মদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মঞ্চ, মাইক ও আসবাব ভাঙচুর করেন এবং শামিয়ানা খুলে নিয়ে যান। ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রাসেল আহম্মদ অভিযোগ করেন, এলাকার চিহ্নিত একজন রাজাকারের ইন্ধনে মুক্তিযোদ্ধা ইউনিটের ব্যানারে মতবিনিময় সভা ডাকা হয়। বাদিয়াখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আনসার আলী বলেন, ‘সভা করতে আমাদের কেউ ইন্ধন দেননি। দুপুরে মঞ্চ তৈরি শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে মঞ্চ ও আসবাব ভাঙচুর করেন।’