মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় গতকাল শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর। রাকাব রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শাহ নওয়াজ আলি, পরিচালক রুস্তম আলী, ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নূর বলেন, এখন মুক্তিযোদ্ধার তালিকা বাড়ছে। সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা লাগবে। স্থানীয় মুক্তিযোদ্ধারা সহযোগিতা না করলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষে এটা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না।অনুষ্ঠানে ৩৫ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা, ৫০ জন পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে একটি লুঙ্গি, একটি শাড়ি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট গুঁড়া দুধ, আধা কেজি চিনি ও নগদ ১০০ টাকা করে দেওয়া হয়।