মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের হরতালে পরিকল্পিতভাবে বোমা-ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ সুযোগে জামায়াত-শিবিরের ক্যাডাররা মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের ওপর হামলা করছে। তাদের বসতবাড়িতে আগুনও দিয়েছে একাত্তরের পরাজিত শক্তি।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা বদিউল আলম, কবির আহমেদ, জাফর আলী, মাহবুবুল আলম চৌধুরী, শওকত বাঙ্গালী, জামাল উল্লাহ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশগ্রহণ করেন।