মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
স্বাধীনতাযুদ্ধের শুরুতে যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত হয়েছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া সরকারি চা-বাগানের ডাকবাংলোয় এক বৈঠকে। স্বাধীনতার ৪০ বছর পর গতকাল শনিবার সেখানে মিলিত হন পূর্বাঞ্চলের সহস্রাধিক মুক্তিযোদ্ধা। তেলিয়াপাড়া চা-বাগানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধাদের ওই মিলনমেলার।সকাল থেকেই সিলেট বিভাগের চারটি জেলা—সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধারা তেলিয়াপাড়া বাংলোয় জড়ো হতে থাকেন। অনেক দিন পর মুক্তিযোদ্ধারা একে অন্যকে দেখে উল্লসিত হয়ে ওঠেন।মুক্তিযুদ্ধের শুরুতে যুদ্ধ পরিচালনার প্রাথমিক পরিকল্পনার স্থান ছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা-বাগানের ডাকবাংলো। ১৯৭১ সালের ৪ এপ্রিল এখানে বৈঠক করেন সেনাপ্রধান আতাউল গনি ওসমানী, উপ-অধিনায়ক এম এ রবসহ বিভিন্ন সেক্টরের কমান্ডাররা। ওই বৈঠকেই সেক্টর কমান্ডারদের দায়িত্ব দেওয়া হয়।ঐতিহাসিক এ স্থানের স্মৃতি ধরে রাখতে জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তেলিয়াপাড়ার বাংলোকে জাদুঘর হিসেবে ব্যবহারের দাবি জানানো হয়। এ দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেয়।গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। প্রধান আলোচক ছিলেন পূর্বাঞ্চলের ৩ নম্বর সেক্টরের অধিনায়ক মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ।সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে তাঁদের নাতি-নাতনিদের চাকরি দেওয়া হবে এবং হচ্ছে। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা বিষয়টি না জানায় এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।সফিউল্লাহ বলেন, ‘আজ স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। অথচ কেউ একবার ভাবেন না, শেখ মুজিবুরের মতো একজন নেতার নেতৃত্ব ছাড়া বাংলাদেশেরই জন্ম হতো না।’ তিনি আরও বলেন, এ দেশের মানুষের এখন একটাই দাবি—যুদ্ধাপরাধীদের বিচার।চিফ হুইপ আবদুস শহীদ পাঠ্যপুস্তকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ মো. আবদুল মজিদ খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এনডিসি রণজিত বিশ্বাস, সাব-সেক্টর অধিনায়ক মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন প্রমুখ।মুক্তিযোদ্ধাদের এ সমাবেশে সিলেট বিভাগের চারটি জেলার জেলা ইউনিট কমান্ডারসহ সহস্রাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা আবদুর রহিম বলেন, ‘৪০ বছর পর ৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের মিলন হলো এ সমাবেশের মাধ্যমে।’এর আগে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পে তেলিয়াপাড়ার বর্তমান বাংলোয় জাদুঘর স্থাপন করা হবে। পাশাপাশি কমপ্লেক্সে বর্তমান বুলেট আকারের স্মৃতিস্তম্ভের সঙ্গে আরও একটি স্মৃতিস্তম্ভ, দুটি পিকনিক স্পট ও রেস্ট হাউস নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা থাকবে।