মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা না দেওয়ায় পূর্বধলায় ইউএনও লাঞ্ছিত
নেত্রকোনার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসের অনুষ্ঠানে সংবর্ধনা না দেওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করেছেন। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন পূর্বধলা জে এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল দুই পর্বে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া ও আলোচনা সভা হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান পরিচালক (ঘোষক) প্রথম পর্ব শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা না দিয়েই পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এতে মুক্তিযোদ্ধারা ইউএনও মোহাম্মদ মোজাম্মেলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এ সময় ইউএনও দৌড়ে মঞ্চ ত্যাগ করেন। মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়ে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের জন্য হলেও সেখানে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। সরকারি কর্মকর্তাদের প্রাধান্য ছিল বেশি।উপজেলা ডিপুটি কমান্ডার আবদুর রব বলেন, ভিআইপি গ্যালারি করা হলেও সেখানে কোনো মুক্তিযোদ্ধার বসার ব্যবস্থা রাখা হয়নি। তাঁদের বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি।মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অনুষ্ঠানের পরিচালক ভুলবশত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তাঁরা ভুল বুঝে ক্ষুব্ধ হয়ে ওঠেন।