মুক্তিযোদ্ধাদের সংশোধিত ডেটাবেইস হচ্ছে
মুক্তিযোদ্ধাদের তথ্যসংবলিত খসড়া ডেটাবেইসের বিষয়ে মুক্তিযোদ্ধাদের সংশোধন আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধিত ডেটাবেইস তৈরি করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ২৩ থেকে ২৮ জুলাই পর্যন্ত শুধু লাল মুক্তিবার্তার সংশোধিত ডেটাবেইস মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এ পাওয়া যাবে।
সংশোধিত ডেটাবেইসের তথ্যে কোনো ভুল থাকলে কম্পিউটার থেকে সংশোধিত ডেটাবেইস ফরম প্রিন্ট করে তা আবার সংশোধন করে আবেদনকারী নিজ স্বাক্ষর, তারিখসহ ই-মেইলের মাধ্যমে [email protected] অথবা [email protected] ঠিকানায় অথবা সরাসরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেম তালুকদারের কার্যালয়ে (কক্ষ নং ৭০৯) জমা দিতে পারবেন।
মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আইনানুগ ওয়ারিশ উল্লেখিত ডেটাবেইস ফরম পূরণ ও স্বাক্ষর করে একই প্রক্রিয়ায় জমা দিতে পারবেন। ২৮ জুলাইয়ের পর এ ডেটাবেইস সংশোধনের কোনো আবেদন নেওয়া হবে না। শুধু লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকার পর ক্রমান্বয়ে গেজেটে অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা ও সনদপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।