মুক্তিযোদ্ধাদের সঙ্গে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সভা
খাগড়াছড়ি জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিশেষ তহবিল গঠন ও দুস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। গতকাল শনিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে নবাগত জেলা প্রশাসক মাসুদ করিম মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সব সদস্য, সব উপজেলার কমান্ডার, সহকারী কমান্ডার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোহামঞ্চদ সালাহ্উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, সদস্য মো. নুরুন্নবী, মহালছড়ি উপজেলার কমান্ডার চাইহ্লা প্রু চৌধুরী, দীঘিনালা উপজেলার সহকারী কমান্ডার প্রিয় জ্যোতি রোয়াজা, রামগড় উপজেলার কমান্ডার মফিজুর রহমান, মাটিরাঙা উপজেলার কমান্ডার মনসুর আলী।