মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের অশোভন আচরণের অভিযোগ
নীলফামারীর জেলা প্রশাসকের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে দুর্নীতির ঘটনায় জড়িত বলে অভিযুক্ত সিভিল সার্জনের পক্ষাবলম্বন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশোভনীয় আচরণ করার অভিযোগ আনা হয়েছে।জেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ওই জেলা প্রশাসকের অধীনে সব ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছেন।সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ‘সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা প্রশাসক আবদুল মজিদ আমাদের আশ্বাস দেন। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে আমরা তাঁর কার্যালয়ে যাই। কিন্তু তিনি নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষাবলম্বন করে আমাদের সঙ্গে রূঢ় আচরণ করেছেন। মুক্তিযোদ্ধাদের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে আমরা তাঁর (ডিসির) অধীনে সব রাষ্ট্রীয় কর্মসূচি বর্জন করব।’সংবাদ সম্মেলনে ২৩ অক্টোবর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।জেলা প্রশাসক আবদুল মজিদ বলেন, ‘স্বাস্থ্য বিভাগে দুর্নীতির ঘটনার বিষয়ে আমার কোনো কিছু করার এখতিয়ার নেই। আমি এখানে নতুন এসেছি। সিভিল সার্জনের সঙ্গে দেখাই হয়নি। তাঁর পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না।’ তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশোভনীয় আচরণ করার অভিযোগ অস্বীকার করেছেন।গত ২১ মে নীলফামারী সিভিল সার্জন অফিসের অধীনে জেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এগুলোর মধ্যে এমএলএসএস, কুক, নিরাপত্তা প্রহরী, আয়া, ওয়ার্ডবয়, জুনিয়র মেকানিক ও সুইপার পদে মৌখিক পরীক্ষা গত ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হয়। এর ফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর।মুক্তিযোদ্ধার কোটায় অর্থের বিনিময়ে অমুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং সাধারণ কোটায়ও অর্থের বিনিময় চাকরি দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ১১ সেপ্টেম্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সিভিল সার্জনের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধারা আন্দোলন করে আসছেন।