মুক্তিযোদ্ধাদের সঙ্গে ‘নির্মম উপহাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের মাধ্যমে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপহার হিসেবে ৬০টি শাড়ি ও ৬০টি থ্রি পিস পাঠানো হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে। ঈদের আগের দিন মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের মাঝে শাড়িগুলো বিতরণ করার সময় দেখা যায়, অধিকাংশ শাড়িই তিন-চার টুকরো। শাড়িগুলোর সর্বোচ্চ দৈর্ঘ্য ছিল আট হাত। মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এ ঘটনাকে ‘নির্মম উপহাস’ বলে মন্তব্য করেছেন। টুকরো শাড়ি পেয়েছেন এমন একজন মুক্তিযোদ্ধা মৌলভী মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাকে দেওয়া শাড়ি ছিল চার টুকরো। সেলাই করার পর যার দৈর্ঘ্য দাঁড়ায় আট হাত।’ মুক্তিযোদ্ধা মনসুর আহম্মেদ বলেন, ‘আমাদের সঙ্গে যাঁরা এ ধরনের উপহাস করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. আবদুস ছাত্তার বলেন, ঈদের আগের দিন বস্তাভর্তি শাড়ি এবং থ্রি পিস মুক্তিযোদ্ধা সংসদে পাঠানো হয়। ওই দিনই মুক্তিযোদ্ধাদের ডেকে এনে বিতরণ করার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। দেখা যায়, শাড়িগুলো টুকরো করা। এর মধ্যে সর্বোচ্চ আট হাত লম্বা শাড়িতে দুই হাত করে চার টুকরো সেলাই রয়েছে। এ ছাড়া শাড়িগুলো ছেঁড়া ও ময়লাযুক্ত। পরে সবার কাছে ক্ষমা চেয়ে বিতরণকাজ বন্ধ রাখতে হয়।