মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস ডিসেম্বরে নেত্রকোনার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সুখবর রয়েছে। আর তা হচ্ছে এখন থেকে তাঁরা শুধু সরকারি ফি দিয়ে পাবলিক পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ পাবেন। জেলা প্রশাসক গত বৃহস্পতিবার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অর্থসংকটের কারণে বিভিন্ন পাবলিক পরীক্ষায় (এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি) অংশগ্রহণ করতে পারছেন না—মর্মে মৌখিকভাবে জেলা প্রশাসককে জানিয়েছিলেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শুধু সরকারি ফি নিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানের ফরম পূরণের সুযোগ করে দেওয়ার বিষয়ে চিঠি দেন।
জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাঁদের সন্তানেরা টাকার অভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন না জেনে এ ব্যবস্থা নিয়েছি। জেলায় মাত্র ৩৮ শতাংশ মানুষ শিক্ষিত। এ হার বাড়ানোর জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে।’