মুক্তিযোদ্ধাদের সম্মান সবার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করা হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করা হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে রাখার আহ্বানের মধ্য দিয়ে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতার ৪৬তম বার্ষিকী।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করা হয়। প্রত্যুষে কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও রংবেরঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

সকাল আটটায় খুলনা জিলা স্কুল মাঠে বিভিন্ন বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। বেলা ১১টা থেকে নগরের সিনেমা হলসমূহে ও দৌলতপুর শহীদ মিনারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা ২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত স্থানীয় নৌবাহিনীর জাহাজ খুলনার বিআইডব্লিউটিএ রকেটঘাটে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

বেলা সাড়ে তিনটায় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান। বিকেলে খুলনা জিলা স্কুলমাঠে জেলা প্রশাসন একাদশ বনাম কেসিসি একাদশ এবং খুলনা প্রেসক্লাব বনাম খুলনা চেম্বারের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর পরপরই খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল ও বিভাগ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

ফরিদপুরে গতকাল সকালে শহরের গোয়ালচামট এলাকায় শহীদদের নামসংবলিত স্মৃতি বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৭টায় প্রথমে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের উদ্দেশে দোয়া করা হয়।

দোয়া শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ।

এরপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রথম আলো বন্ধুসভা, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের ব্যক্তিবর্গ।

বেলা সাড়ে ১১টায় স্থানীয় কবি জসীমউদ্‌দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পটুয়াখালীতে ভোরে স্থানীয় সার্কিট হাউস চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে স্মৃতিসৌধে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় স্থানীয় কাজী আবুল কাসেম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ-আনসার-বিএনসিসিসহ অন্যান্য সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা সদরের বিভিন্ন গণকবর জিয়ারত, সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

মাদারীপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির আত্মত্যাগ ও অহংকার স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনে জেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে জেলা মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে সকাল ৮টায় জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন ও পুলিশ সুপার আলতাফ হোসেন সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।

সকালে পিরোজপুরে শহরের শহীদ ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, পুলিশ সুপার ওয়ালিদ হোসেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে পিরোজপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সকালে বাগেরহাট শহরের দশানীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা খুলনা, পটুয়াখালী ও ফরিদপুর অফিস, পিরোজপুর ও লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি এবং মাদারীপুর ও বাগেরহাট সংবাদদাতা]