মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল মানিকগঞ্জ সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ঢাকার মানিকগঞ্জ সমিতি। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এ সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সমিতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক দিলারা হাফিজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, সদস্যসচিব আজহারুল ইসলাম, মানিকগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক জাফর ইকবাল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক হিমেল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মুক্তিযুদ্ধকালীন ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী (মরণোত্তর), মোসলেম উদ্দিন খানসহ (মরণোত্তর) ১৩ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা ও সনদপত্র দেওয়া হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।