শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের লিখিত বক্তৃতায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেন। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও প্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি করে মিছিল করেন। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছে। সেখানে প্রটোকল অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মুখলেছুর রহমান ওরফে রিপন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আগে চেয়ারম্যান স্বাধীনতা দিবসের লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেন। এতে উপস্থিত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিস্থিতি স্বাভাবিক করতে মাইকে ক্ষমা প্রার্থনা করেন। এর পরও মুক্তিযোদ্ধারা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে স্থানীয় শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চে একত্র হন। সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা মঞ্চে ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও পৌরসভার মেয়র ও শহর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বক্তব্য দেন। এ সময় উপজেলা শহর আওয়ামী লীগ, যুবলীগ ও প্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান আবদুস সবুর জানান, নির্দিষ্ট বক্তব্যের বাইরে চেয়ারম্যানের মনগড়া বক্তব্যের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন। তাই মুক্তিযোদ্ধারা তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাউদ্দিন বলেন, ‘যে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করা হয়, মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়, সেই অনুষ্ঠানে আমরা থাকতে পারি না। তাই অনুষ্ঠান বর্জন করেছি।’
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা জানান, চেয়ারম্যান সাহেবকে এই অনুষ্ঠানের জন্য একটি বক্তব্য লিখে দেওয়া হয়েছিল। তিনি লিখিত বক্তব্যের বাইরে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জিন্দাবাদ বলায় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন ও অনুষ্ঠান বর্জন করেন। পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টির জন্য আমি অনুতপ্ত। ক্ষমাসুন্দরভাবে বিষয়টি দেখার জন্য মাইকে অনুরোধ জানিয়েছিলাম। এর পরও তাঁরা অনুষ্ঠান বর্জন করেন।’