মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড বিতরণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মুক্তিযোদ্ধাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সেবা পাওয়া সহজ করার জন্য হেলথ কার্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে সদরের নজরুল একাডেমি স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা পাওয়া সহজ ও বিড়ম্বনামুক্ত করার উদ্দেশ্যে উপজেলার প্রায় ৩৫০ জন মুক্তিযোদ্ধাকে হেলথ কার্ড দেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে উপজেলার বিভিন্ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে মুক্তিযোদ্ধারা প্রতি মাসে একবার করে বিভিন্ন রোগের পরীক্ষা করতে পারবেন।
কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কাছে জাতির ঋণ অনেক। হেলথ কার্ড দিয়ে সম্মান জানানো তাঁদের ঋণ শোধের ক্ষুদ্র প্রয়াস মাত্র।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।